টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়ায় জড়িয়ে এক যুবকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে ওই যুবকের স্ত্রীকে বিয়ে করেছেন এক ব্যক্তি। সম্প্রতি উপজেলার পেকুয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।
পরিবার ও এলাকাবাসী জানায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরার রাজু মিয়া। পাশাপাশি বাড়ি থাকার কারণে রাজুর স্ত্রী জহুরার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে দুজন পরকীয়ায় জড়িয়ে পড়ে। ৭ মে বৃহস্পতিবার হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে চলে যান রাজু। এতে হাসান ক্ষুব্ধ হয়ে রাজুর স্ত্রীকে বিয়ে করেন।
হাসান মিয়া বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউকে নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’ চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয় এবং পরে তাকে বিয়ে করেন হাসান।












