কুমিল্লাশুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ নিরাপত্তায় রোবোডগ থেকে ব্ল্যাক হক, চমক দেখাচ্ছে মেক্সিকোর শহরটি

প্রতিবেদক
Cumilla Press
জুন ৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর মন্তেরে। ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে মেক্সিকো ১৩টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে চারটি অনুষ্ঠিত হবে মন্তেরেতে।

বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের পুলিশ বিভাগ আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থায় থাকবে ১১টি হেলিকপ্টার, যার মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। পাশাপাশি মোতায়েন করা হবে ৯০টি সাঁজোয়া যান।


সাংবাদিক উইল গ্রান্ট মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর মন্তেরে ঘুরে বিশ্বকাপ উপলক্ষে নেয়া নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেছেন। ফার্স্ট গ্রুপিং অব দ্য সিভিল ফোর্সের কমান্ডার, সাবইন্সপেক্টর উইলিসিস গুতিয়েরেজ বারাসো বলেন, ‘নুয়েভো লিওন স্থানীয় এবং বিদেশি সবার জন্যই নিরাপদ। এর জন্য আমাদের স্ট্র্যাটেজি, প্রটোকল এবং পর্যাপ্ত অনুশীলন রয়েছে।’


নিরাপত্তা ব্যবস্থার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে রোবোটিক কুকুর বা ‘রোবোডগ’। এসব প্রযুক্তিনির্ভর যন্ত্র শহরের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারির কাজে ব্যবহার করা হবে। এছাড়া একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে নিরাপত্তা কর্মকর্তারা পুরো নুয়েভো লিওন অঞ্চলের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন।
কর্তৃপক্ষের মতে, লক্ষাধিক দর্শক, খেলোয়াড়, কর্মকর্তা ও পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বকাপের মতো বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া আসরকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও সমন্বিত নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকো ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে। এটি হবে ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ।