পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন-ভাতা তাদের সহায়তায় প্রদান করেছেন এবং তাদের বসতঘর পুনর্নির্মাণ ও নিয়মিত খাদ্যের ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি জানান, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের মানবেতর জীবনযাপনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তিনি বিষয়টি আমলে নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তাদের সহায়তায় প্রদান করেন।
ড. মাসুদ বলেন, সাংবাদিকদের প্রতিবেদন ও ভিডিওচিত্রের মাধ্যমে বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি পরিবারটির জন্য স্থায়ী সহায়তার ব্যবস্থা গ্রহণ করেন।
ড. মাসুদ দাবি করেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও গোষ্ঠীভেদে বৈষম্য করে না এবং সকল নাগরিকের সমঅধিকারে বিশ্বাস করে।
তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা ইসলামের শিক্ষা এবং জামায়াতের সামাজিক কার্যক্রমও সেই নীতির ভিত্তিতেই পরিচালিত হয়।












