কুমিল্লাশুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৯ জনের

প্রতিবেদক
Cumilla Press
জুন ৪, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪  শিশু রয়েছে।

বুধবার (০৩ জুন) দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়। উদ্ধার তৎপরতা চলছে। 

এর আগে স্থানীয় আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছিল, এসব হামলায় ছয়জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী।

হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, গত বছরের ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল।

দপ্তর আরও জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারেরও বেশি।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৪৭০০ নারী ও শিশু রয়েছেন।