কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে আকস্মিক পরিদর্শনে এমপি

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে কুমিল্লার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। পরিদর্শনের সময় জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ে শীর্ষ তিন প্রকৌশলীকে অনুপস্থিত পাওয়া যায় বলে জানা যায়।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন জানায়, সকালে প্রথমে এমপি জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন এবং স্পষ্টভাবে দলিল লেখার বিষয়ে নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে সেখানে নতুন রেকর্ড রুম নির্মাণের ঘোষণাও দেওয়া হয়।

এরপর বেলা ১১টার দিকে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী ও প্রাক্কলনিকসহ একাধিক কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায় বলে দাবি করা হয়। এ সময় হাজিরা খাতা দেখতে চাইলে কিছু কর্মচারী দ্রুত স্বাক্ষর সম্পন্ন করেন বলেও অভিযোগ উঠে।

এছাড়া একজন কর্মচারীকে পাওয়া যায়, যিনি ঈদের আগে চার কর্মদিবসের স্বাক্ষর একসঙ্গে সম্পন্ন করছিলেন এমন অভিযোগও করেন এমপির সহকারী।

পরিদর্শনকালে আরও দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, অফিসের সাধারণ শাখা অপরিচ্ছন্ন ছিল এবং একটি কক্ষে গবাদি পশু রাখা ছিল বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল হক জানান, প্রাক্কলনিক তারেক মোল্লা ছুটিতে রয়েছেন। তিনি নিজে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুমিল্লা অফিসে দায়িত্ব পালন করছেন এবং তখন পথে ছিলেন বলেও জানান। জাতীয় পতাকা উত্তোলনে বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।