কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রতিবেদক
Cumilla Press
জুন ১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপকূলীয় ও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে এবং পরবর্তী আবহাওয়া বার্তার প্রতি নজর রাখতে হবে।