কুমিল্লাশনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার সাংবাদিকদের পেটাল আদ-দ্বীন হাসপাতালের কর্মীরা

প্রতিবেদক
Cumilla Press
মে ৩০, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

৬ নবজাতকের মৃত্যুর পর এবার সাংবাদিক পিটিয়ে আলোচনায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল। তাদের হামলায় আহত হন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

শনিবার (৩০ মে) বিকালে হাসপাতালের উপরতলায় বেকারি কারখানার সন্ধান পাওয়ার ঘটনায় ক্ষোভ ঝাড়েন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী জানান, বেকারিটি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।


হাসপাতালের উপরতলায় ওই বেকারির সন্ধান মেলার পর সাংবাদিকরা সেখানে ছবি নিতে গেলে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এসময় তাদের হাতে দেখা যায় ধারালো দেশীয় অস্ত্র। এতে হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।


পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।


এর আগে আদ-দ্বীন হাসপাতালে বেকারির খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। ছুটে আসেন গণমাধ্যমকর্মীরাও। তবে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের।


বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে।


স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, জমাটবাধা পানিটা এবং কারখানা থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়েছে কিনা যেটা শিশুদের সহ্য ক্ষমতার বাইরে সেটা খতিয়ে দেখা হবে, যেহেতু আমরা আইসিইউটার মধ্যে একটা গন্ধ পাচ্ছি। এই বিষয়গুলো দুই দিনের মধ্যে নিরীক্ষা করে তৃতীয় দিন আমরা প্রতিবেদন দেব।


মন্ত্রী যাওয়ার পর হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র‍্যাব সদস্যরা।

গত বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদফতর। তবে মারা যাওয়া শিশুদের মায়ের বক্তব্য নিতে না পারায় তদন্ত কমিটির প্রতিবেদন চর দিন পিছিয়ে ৩ জুন নির্ধারণ করা হয়। সেইসঙ্গে কমিটিতে আরও তিন সদস্যকে যুক্ত করা হয়।