সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পশুপ্রেমী এ কনটেন্ট ক্রিয়েটর নেটদুনিয়ায় ‘সুন্দরীর দিদি’ নামে পরিচিত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজ ঘর থেকে সায়নীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মগরা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রাতে তার মৃত্যুর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে শোক ছড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল আলোচনা। অনেক ভক্তই মেনে নিতে পারছেন না তার মৃত্যুর খবর। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নিজের পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তিনি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সায়নীর। ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন ও জটিলতা তৈরি হলে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন এ কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু এখন পর্যন্ত সায়নীর কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ।
জানা গেছে, সায়নীর মৃত্যু মানসিক অবসাদ নয় বলে মনে করছে তার পরিবার। পরিবারের সদস্যরা দ্রুতই থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মৃত্যুর প্রকৃত রহস্য জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সায়নীর মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তার সব দিক থেকে খতিয়ে দেখছে পুলিশ।
পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত আর পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করতেন পশুপ্রেমী সায়নী চক্রবর্তী। সম্প্রতি এলএলবি-তে স্নাতক সম্পন্ন করেছিলেন।
প্রসঙ্গত, মৃত্যুর কিছুদিন আগে ভারতের নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন সায়নী এবং তার মা। মন্দিরের অব্যবস্থা এবং ছবি তোলা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ালে ফেসবুক লাইভ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই ভিডিওর রেশ কাটতে না কাটতেই এলো তার রহস্যজনক মৃত্যুর খবর।














