সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।
বুধবার (২৭ মে) সকাল ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করে ঈদ উদযাপন করেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা।
ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন। এতে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে অংশ নেন শতাধিক মুসুল্লি।
গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা এসে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজে অংশ নেয় শিশু-কিশোররাও। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন তারা।














