দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












