চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন স্থাপনের প্রস্তুতিতে থাকা স্পিডবোটকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, আত্মরক্ষা এবং ইরানি হুমকি থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুদ্ধবিরতি বজায় রেখেই সংযতভাবে প্রতিরোধমূলক অভিযান চালানো হচ্ছে।
এ হামলা এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিলেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা এগোলেও দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়, যেখানে ইরানের বড় নৌ ঘাঁটি রয়েছে। এর আগে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরও প্রকাশিত হয়।
তবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নতুন করে এই হামলার ফলে সম্ভাব্য শান্তি প্রক্রিয়া কতটা প্রভাবিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথা বললেও পরে আলোচনায় তাড়াহুড়ো না করার নির্দেশ দেন।












