কুমিল্লাসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড দামে বিক্রি রোনালদোর বিরল কার্ড, তবু শীর্ষে মেসি

প্রতিবেদক
Cumilla Press
মে ২৫, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস অধ্যায়ের স্মৃতি বহন করা একটি বিরল ট্রেডিং কার্ড সম্প্রতি রেকর্ড দামে বিক্রি হয়েছে। ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ সংস্করণের এই অনন্য কার্ডটির মূল্য উঠেছে ১৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকার সমান। সংগ্রাহকদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ফ্যানাটিকস কালেক্ট’-এর মাধ্যমে ব্যক্তিগতভাবে সম্পন্ন হওয়া এই বিক্রির তথ্য ইএসপিএনকে নিশ্চিত করেছে ফ্যানাটিকস কর্তৃপক্ষ।

ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো ট্রেডিং কার্ডের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। একই সঙ্গে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ট্রেডিং কার্ডের তালিকায় এটি জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। এই তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ২০০৪ সালের ‘পানিনি মেগা ক্রাকস পিএসএ ১০’ রুকি কার্ডটি ২০২৫ সালের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ১৫ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৩৬ লাখ টাকার সমান। 

ফুটবল ট্রেডিং কার্ডের বাজারে প্রথমবার ১০ লাখ ডলারের সীমা অতিক্রম করা কার্ডটির মালিক ছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকার বিরল ‘রুকি’ কার্ডটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিলামে বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ২৮ লাখ টাকার সমান। ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ট্রেডিং কার্ডের তালিকায় বর্তমানে এটি রয়েছে তৃতীয় অবস্থানে। 

নতুন রেকর্ড গড়ার আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে দামি ট্রেডিং কার্ড বিক্রির নজির তৈরি হয়েছিল গত ২২ মে, ফ্যানাটিকস প্রিমিয়ার নিলামে তার একটি বিরল কার্ড বিক্রি হয়েছিল ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলারে। ২০১৫ সালের ‘পানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সিরিজের ১-অব-১ সংস্করণের ওই কার্ডটির বিশেষ আকর্ষণ ছিল রোনালদোর স্বাক্ষর। কার্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটর কার্ডটির মান নির্ধারণ করেছিল গ্রেড ৭, আর অটোগ্রাফ পেয়েছিল সর্বোচ্চ গ্রেড ১০। 

তবে রোনালদোর ‘২০১৮ পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ ট্রেডিং কার্ডটিকে আলাদা করে তুলেছে এর বিরলতা। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, ‘পানিনি কাবুম গ্রিন প্যারালাল’ সিরিজের এই কার্ডটির মাত্র একটি কপিই তৈরি করা হয়েছিল, অর্থাৎ পৃথিবীতে এর দ্বিতীয় কোনো সংস্করণ নেই। 

আধুনিক ট্রেডিং কার্ড সংগ্রাহকদের কাছে পানিনির ‘কাবুম’ সেট দীর্ঘদিন ধরেই বিশেষ মর্যাদা পেয়ে আসছে। কমিক বইয়ের ধাঁচে তৈরি দৃষ্টিনন্দন শিল্পশৈলী ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিভিন্ন খেলার সংগ্রাহকদের কাছে এই সিরিজকে অত্যন্ত মূল্যবান সংগ্রহ হিসেবে দেখা হয়। 

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০১৮ সালে ৫০ জন তারকা খেলোয়াড়কে নিয়ে বাজারে ছাড়া হয়েছিল এই বিশেষ সিরিজ। সেটটি সাধারণভাবে বিক্রি হয়নি; বরং ‘পানিনি রিওয়ার্ডস’ কর্মসূচির অংশ হিসেবে মাল্টিস্পোর্ট প্যাকের মাধ্যমে সীমিত আকারে পাওয়া যেত। পরে প্রচলিত বেজ সংস্করণের পাশাপাশি যুক্ত করা হয় অতিবিরল ‘গ্রিন ১/১’ সংস্করণ, যা সংগ্রাহকদের আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফলে বিশ্বজুড়ে বড় বড় সংগ্রাহকদের কাছে এই কার্ডগুলোর চাহিদা এখন আকাশছোঁয়া। 

২০১৩-১৪ মৌসুমে বাস্কেটবল কার্ড সিরিজ ‘পানিনি ইনোভেশন’-এর মাধ্যমে প্রথম যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় ‘কাবুম’ ডিজাইনের। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে পরে ফুটবল, বেসবলসহ বিভিন্ন খেলার ট্রেডিং কার্ডেও এই বিশেষ ডিজাইন ব্যবহার করা শুরু হয়। দৃষ্টিনন্দন গ্রাফিক্স ও কমিক-স্টাইল উপস্থাপনার কারণে ‘কাবুম’ সিরিজ দ্রুতই সংগ্রাহকদের অন্যতম পছন্দের ব্র্যান্ডে পরিণত হয়। 

এদিকে মাঠের পারফরম্যান্সেও সময়টা দারুণ কাটছে রোনালদোর। আল নাসরের হয়ে প্রথমবারের মতো সৌদি প্রো লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসছেন তিনি। ঠিক এমন মুহূর্তেই সামনে এলো তার রেকর্ড দামে কার্ড বিক্রির খবর। ৪১ বছর বয়সেও থেমে যাওয়ার কোনো ইঙ্গিত নেই পর্তুগিজ মহাতারকার। আগামী বিশ্বকাপেও খেলবেন তিনি, আর সেই লক্ষ্যেই রবার্তো মার্তিনেজ তাকে রেখে পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।