যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত চিকিৎসক রাফসান জানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের শ্যালিকাকে ধর্ষণ, আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে গতকাল রোববার (২৪ মে) যশোর কোতোয়ালি থানার বাহাদুরপুর রজনীগন্ধা তেল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী কলেজছাত্রী প্রায় দুই মাস আগে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, সপ্তম শ্রেণিতে পড়াকালীন সময় থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে চিকিৎসক রাফসান জানি তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং গোপনে ধারণ করা ছবি-ভিডিও দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করেন। মামলার পর থেকেই রাফসান জানি আত্মগোপনে ছিলেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত নিরপেক্ষভাবে করা হবে।












