কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মে ২৫, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নত চিকিৎসাসেবা ও প্রযুক্তির ব্যবহারের কারণে আগের বছরের তুলনায় মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে।

মক্কায় বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় জানানো হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটে তাদের যাত্রা সম্পন্ন হয়েছে।

মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন। সর্বশেষ ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক হাজির মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

হজ মিশনের তথ্যানুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার মৃত্যুর সংখ্যা কম। ২০২৫ সালে ৪৮ জন, ২০২৪ সালে ৬৫ জন এবং ২০২৩ সালে ১২১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।

এছাড়া হাজিদের জন্য স্বাস্থ্যসেবা জোরদার করতে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২১ হাজারের বেশি ডিজিটাল সেবা প্রদান করা হয়েছে।

সার্বিকভাবে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হওয়ায় হাজিদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।