কুমিল্লাসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

প্রতিবেদক
Cumilla Press
মে ২৪, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদের বাকি আর মাত্র চারদিন। ইতোমধ্যেই শিল্পনগরী গাজীপুর থেকে আপন ঠিকানায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদ যাত্রাকে কেন্দ্র করে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম রয়েছে। ফাঁকা মহাসড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন।


রোববার (২৪ মে) বিকেলে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা এলাকায় ঘুরে দেখা যায়, সারি সারি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়, তবে মিলছে না যাত্রী। বিভিন্ন বাস কাউন্টারে আগাম টিকিটধারী কিছু কিছু যাত্রীরা নির্দিষ্ট পরিবহনে চন্দ্রা ত্যাগ করতে দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আজ সন্ধ্যার পর থেকে ঘরমুখী যাত্রীদের চাপ কিছুটা বৃদ্ধি পাবে। তাই বেশিরভাগ যাত্রীবাহী বাস চন্দ্রা স্টেশনে ভিড় করছে।

ঢাকা থেকে ছেড়ে নাবিল পরিবহন বাসের চালক সোহান মিয়া জানান, গাবতলী টার্মিনাল থেকে আগাম টিকিটধারী কয়েকজন যাত্রী নিয়ে চন্দ্রা আসলাম। এখানে এসে দেখি যাত্রী কম। তাই গাড়ি সাইডে রেখে দাঁড়িয়ে আছি। 

দেশ ট্রাভেল বাসের চালক শাহাবুদ্দিন মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুপুরে চন্দ্রা ত্রিমোড়ে বাস পার্কিং করেছি। এখনও বাস ছাড়ার সুযোগ হয়নি। কিছু কিছু যাত্রী আসতেছে তারা চলন্ত অবস্থায় থাকা গাড়িতে উঠে চলে যাচ্ছে। আশা করি সন্ধ্যার দিকে যাত্রীর চাপ বাড়বে। 

শাহরিয়ার কবির নামে এক চাকরিজীবী বলেন, ঈদের দুদিন আগে অনেক ভোগান্তি হয়। তাই একটু আগে আগেই পরিবার নিয়ে চলে যাচ্ছি। অনেক সহজেই গাড়ি পেয়ে গেলাম। যাত্রীর চাপ কম থাকায় আরামদায়কভাবে যেতে পারছি।

চন্দ্রা এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমরা মহাসড়কের যানজট নিরসনে কাজ করছি। এখন পর্যন্ত সড়কে কোনো যাত্রীর চাপ নেই। আগামীকাল থেকে যাত্রীর চাপ বাড়বে। তবে, আজকে সকাল থেকেই গণপরিবহনে চাপ বেশি রয়েছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত শুক্রবার দুপুরের পর থেকে অনেক মানুষ ঈদের ছুটিতে ফিরতে শুরু করেছে। অনেকেই ভোগান্তি এড়াতে আগেই চলে যাচ্ছেন। তবে গাজীপুরের প্রায় ৩ হাজার পোশাক কারখানা আগামীকাল থেকে ধাপে ধাপে ছুটি হবে। আজ যাত্রীর চাপ কম থাকলেও আগামীকাল দুপুর থেকে চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ ব্যাপক বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন,  ঈদ উদযাপনে কয়েকলাখ মানুষ উত্তরাঞ্চলে যাবেন। তাদের একমাত্র ভরসা গাজীপুরের চন্দ্রা এলাকা। যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে আমরা শিল্প পুলিশের সাথে আলোচনা করে শিল্প কারখানা কর্তৃপক্ষকে বলেছি, ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য। কারণ ধাপে ধাপে ছুটি না দিলে এসব শ্রমিকদের ঈদ যাত্রায় দুর্ভোগ অনেক বৃদ্ধি পাবে।