কুমিল্লাসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতদিনের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ২৪, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ মামলার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই বিচার শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে এবং তা আদালতে জমা দেওয়া হচ্ছে। বিচার কার্য পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং সেসব তথ্য একত্র করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এমন অপরাধ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এটি সামাজিক অবক্ষয়ের প্রতিফলন এবং সামাজিক মূল্যবোধ পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি সরকার কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ দমনে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি এবং উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।