টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় একজন আহত হয়েছে।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাকবির মিয়া (১৫) উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে ও একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।












