পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাসদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে চামান পাটাক এলাকায় এ হামলা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটি একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের বগিতে আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের যানবাহনে আগুন ধরে যায় এবং নিকটবর্তী ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ জানায়, ট্রেনটিতে থাকা সেনাসদস্যরা পরিবারসহ ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন।
এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে দারিদ্র্য ও বঞ্চনার অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে সেখানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা প্রায়ই দেখা যায় এবং সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী ও অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।












