শেরপুর: শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এ গণপিটুনির ঘটনা ঘটে।
এর আগে শনিবার দুপুরে এনামুলের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার এনামুলের বাসায় ভাড়া ওঠেন গৃহবধূ ও তার স্বামী। আসবাবপত্রের দোকানে কাজের সুবাদে ওই গৃহবধূর স্বামী বাইরে থাকেন।এ সুযোগে এনামুল ওই গৃহবধূকে বিভিন্ন সময় মেসেঞ্জারে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানান।এ নিয়ে সালিশ করা হয়। এতে এনামুল রেগে যান। একপর্যায়ে শনিবার দুপুরে এনামুল কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরে গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। পরে সন্ধ্যার দিকে ওই গৃহবধূর পরিবার ও স্থানীয়রা এনামুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।
এ ঘটনায় এনামুলের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেন স্থানীয়রা। একপর্যায়ে সদর থানার সামনে গিয়েও বিক্ষোভ করেন তারা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, রাত ৮টার দিকে আমরা জানতে পারলাম- ধর্ষন করা হয়েছে। এ অভিযোগে একজনকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। এসময় সেখান থেকে অভিযুক্ত এনামুলকে ধরে থানায় নিয়ে আনা হয়। বিষয়টির তদন্ত চলছে।












