নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘ সময় গণপরিবহন চালানোর ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অতিরিক্ত সময় গাড়ি চালানোর কারণে চালকদের মধ্যে ক্লান্তি, তন্দ্রা ও ঘুমের প্রবণতা তৈরি হচ্ছে, যা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সম্প্রতি সংস্থাটির এক বার্তায় বলা হয়, এ ধরনের অনিয়ন্ত্রিত চালনায় চালকরা যানবাহনের নিয়ন্ত্রণ হারাচ্ছেন, ফলে চালক, সহকারী ও যাত্রীদের পাশাপাশি পথচারীরাও হতাহত হচ্ছেন।
বিআরটিএ জানায়, প্রচলিত আইন অনুযায়ী কোনো চালক একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। এরপর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে আবার সর্বোচ্চ ৩ ঘণ্টা চালানো যাবে। অর্থাৎ দৈনিক ৮ ঘণ্টা এবং সাপ্তাহিক ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করা আইনসঙ্গত নয়।
সংস্থাটি সড়ক দুর্ঘটনা রোধে মালিক ও চালকদের এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যথায় চালকের লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহায়তার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।












