কুমিল্লাসোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ইপিজেডে হবে জুতা তৈরির কারখানা, কর্মসংস্থান হবে ৫০০ মানুষের

প্রতিবেদক
Cumilla Press
মে ২৩, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) জুতা ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদনে ৫০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড’। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২০ মে) ঢাকার বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং নিজ নিজ পক্ষে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, কুমিল্লা ইপিজেডে আধুনিক কারখানা স্থাপন করে ইনসোল, আউটসোল, মিডসোল ও পিইউ জুতা উৎপাদন করা হবে। কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে উল্লেখযোগ্য পরিমাণ জুতা ও উপকরণ উৎপাদনের পাশাপাশি প্রায় ৫০০ বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বেপজার কর্মকর্তারা জানান, দেশের ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাতের বহুমুখীকরণে তারা কাজ করে যাচ্ছে। নতুন এ বিনিয়োগ দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।