ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়ে পাকিস্তানেও, যেখানে একই ধরনের নাম ব্যবহার করে একাধিক দল গঠনের খবর পাওয়া গেছে।
পাকিস্তানে ‘তেলাপোকা আওয়ামী লীগ’, ‘তেলাপোকা আওয়ামী পার্টি’ ও ‘মুত্তাহিদা তেলাপোকা মুভমেন্ট’ নামে তিনটি সংগঠন গড়ে উঠেছে। এসব দলের নামে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে দ্রুত ফলোয়ার বাড়ছে।
ভারতে এই বিতর্কের সূত্রপাত হয় দেশটির প্রধান বিচারপতির এক মন্তব্যকে কেন্দ্র করে। বেকার তরুণদের নিয়ে তার মন্তব্যের প্রতিবাদে অভিজিত দিপকে নামের এক তরুণ ‘তেলাপোকা জনতা পার্টি’ গঠন করেন। অল্প সময়ের মধ্যেই দলটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তাদের অ্যাকাউন্টে বিপুল সংখ্যক অনুসারী যুক্ত হয়।
পরবর্তীতে বিচারপতি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ভুয়া সনদ ব্যবহারকারীদের উদ্দেশ্য করেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে এর মধ্যেই বিষয়টি নিয়ে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে।












