রাজবাড়ীর কালুখালী উপজেলায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আমিন বকাউল (৪৫) উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার মো. রিয়াজ শেখ (৪৮) ও মো. কলম কাজী (৩৮), যাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন একটি মোটরসাইকেলে করে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা ‘মামুন পরিবহন’ নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিন বকাউলকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











