নিখোঁজ হওয়ার ২৩ দিন পর রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে নিখোঁজ এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
তিনি বলেন, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান পুলিশ ব্যারাক থেকে রাত্রিকালীন ডিউটির উদ্দেশ্যে সাধারণ পোশাকে বের হন এসআই রাকিবুল হাসান সরকার।তবে এরপর তিনি আর থানায় পৌঁছাননি। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।নিখোঁজ হওয়ার ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি তার সন্ধান চেয়ে দেশজুড়ে সব থানায় বার্তা পাঠানো হয়েছিল। দীর্ঘ ২৩ দিন নিখোঁজ থাকার পর বুধবার অবশেষে তার সন্ধান মিলেছে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়ার পর এসআই রাকিবুলের সঙ্গে কথা বলে নিখোঁজ থাকার কারণ ও এ সময়ের গতিবিধি জানার চেষ্টা চলছে।
এসআই রাকিবুল হাসান সরকারের বাড়ি শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।












