কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ২০, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর ও মানবিক সামাজিক শক্তিতে রূপান্তরের লক্ষ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সমন্বয়ে আনসার-ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান স্মরণ করেন এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সচেতনতায় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা এবং মাদকবিরোধী কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয় রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব উদ্যোগ বাহিনীকে একটি কার্যকর মানবসম্পদ উন্নয়ন প্ল্যাটফর্মে পরিণত করছে।

দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপিকে “ফার্স্ট রেসপন্ডার” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে তাদের দ্রুত ও মানবিক ভূমিকা জনগণের আস্থা অর্জন করেছে।

এছাড়া বাহিনীর কাঠামোগত উন্নয়ন, নতুন বিধিমালা প্রণয়ন, আধুনিক ব্যবস্থাপনা চালু এবং জনবল ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরও বাড়বে।