হাম উপসর্গে সিলেটে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পলাশ কাহেরের ছয় মাস বয়সী মেয়ে ঈশিতা কাহের, জেলার সদর উপজেলার সামরাবাজার সুজিত নমশুদ্রর ৯ মাস বয়সী শিশু কন্যা সুস্মিতা ও নগরের পীরমহল্লার তৌহিদ আলীর ৯ মাস বয়সী মেয়ে লবিবা।
তাদের মধ্যে ঈশিতা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুস্মিতা ও লবিবা শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মারা গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ৪০ জনের মধ্যে হাম সন্দেহে ৩৬ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হাম রোগ সন্দেহে ভর্তি হয়েছে ৯২ জন। এর মধ্যে শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে ২৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৫ জন এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮১ জন। এর মধ্যে সামসুদ্দিন হাসপাতালে ৭০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪৮ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালটির ৩২ নম্বর ওয়ার্ডে বর্তমানে ভর্তি রোগী ৬৯ জন। মঙ্গলবার ছুটি হয়েছে ১৩ জনের। বর্তমান ভর্তি রোগীর সংখ্যা ৫১ জন, এইচডিইউতে আছেন ছয়জন এবং গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে ১০ জন।
তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে হাম রোগীদের জন্য আরও সাতটি আইসিইউ যুক্ত করা হয়েছে। ওসমানী হাসপাতালে আরও চারটি তৈরির কাজ চলছে। ২ থেকে ৩ দিনের মধ্যে এগুলো চালু হয়ে যাবে আশাবাদী তিনি। এ নিয়ে হামের আইসিইউ ২৩ থেকে বেড়ে ৩৪ হবে। তন্মধ্যে ওসমানীতে ২০টি ও সামসুদ্দিনে আইসিইউ বেড়ে হবে ১৪টি।












