হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রতিটি পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী মঙ্গলবার (১৯ মে) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও এর উপসর্গে দেশে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বেড়ে দৈনিক প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ঝুঁকি সবচেয়ে বেশি, আর তুলনামূলকভাবে কম রয়েছে রংপুর বিভাগে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শনিবারও হাম ও এর উপসর্গে আরও নয়জন শিশুর মৃত্যু হয়েছে।
শিশুমৃত্যুর এই ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা রিটের ওপর আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।












