বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, দলের শীর্ষ নেতারা সংকটকালে দেশ ছেড়ে যাওয়ায় তাদের রাজনীতিতে থাকার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বৈষম্য কমাতে হবে এবং এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ দেশে চিকিৎসা ও শিক্ষার পূর্ণ সুযোগ পায়। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, অর্থনীতিতে গতি আনতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা প্রয়োজন এবং আগামী বাজেটে যুববান্ধব পরিকল্পনা অন্তর্ভুক্ত করা জরুরি। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের ওপর জোর দেন তিনি, যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হতে না হয়।
পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়েও তিনি গুরুত্ব দেন।
সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মাদক ব্যবসা দেশের জন্য বড় হুমকি এবং এটি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা জরুরি।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।












