দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের ইয়ংইন শহরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
মাহমুদ হাসান (২৪) নামে এ বাংলাদেশির বাড়ি নরসিংদী সদর উপজেলায়। তিনি দেশটির ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
রোববার ভোরে ইয়ংইন শহরের জেনগুং-রি এলাকার একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম কিয়ংগি ইলবোর প্রতিবেদনে বলা হয়, ওইদিন কাজ শেষে হাসান নিজেই গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। জেনগুং-রি এলাকার একটি বৃত্তাকার মোড় পার হওয়ার সময় ‘দ্রুতগতির কারণে’ গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় গাড়িটি রাস্তার ধারের সীমানা ও গাছে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই গাড়িটি পুড়ে যায় ও মাহমুদ হাসান নিহত যান।
উদ্ধারকারীরা তাকে গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ নিশ্চিত করেছে যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সাধারণ জ্বালানিচালিত, ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) নয়।
হাসানের সহপাঠী নাদিম নূর জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উচ্চশিক্ষা নিতে তারা দুজন একসঙ্গে কোরিয়ায় আসেন। কিছুদিন আগে হাসান সেখানকার ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন।
নিহতের লাশ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পুলিশ এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।










