বিয়ের ১৬ বছরে পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির ঘরে ৩ কন্যা সন্তানের পর পুত্র সন্তানের জন্ম নেওয়ায় আনন্দের সীমা ছিলো না। নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান। কিন্তু কে জানতো মাত্র ৭ মাস বয়সে মহামারি হামে আক্রান্ত হয়ে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে।
হামে আক্রান্ত হওয়ার পর ছোট্ট সাজিদকে বাঁচানোর জন্য এই দম্পতি চৌদ্দগ্রাম, ফেনীসহ রাজধানী ঢাকার ৭ হাসপাতাল ঘুরেও একমাত্র আদরের ছেলেকে বাঁচাতে পারলো না।
আজ রবিবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) তে সাজিদের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাটের সিংরাইশ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, এপ্রিল মাসের ১৪ তারিখ সাজিদ জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তারের পরামর্শ নেয় এই দম্পতি। ডাক্তারের পরামর্শে এন্টিবায়েটিক ওষুধ খাওয়ানোর পর সাজিদ কিছুটা সুস্থ্য হয়।
এরপর আবারও ১২ মে অসুস্থ্য হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কোন পরিবর্তন না হওয়ায় ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হেলথ কেয়ার হসপিটাল ও সর্বশেষ তেজগাঁও ইনপালস্ হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা শেষে সাজিদ হামে আক্রান্ত হয়েছে জানায় চিকিৎসক।
সেখানে সাজিদের অবস্থা অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তর করা হয়। রবিবার সকালে সাজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাজিদের বাবা পারভেজ আহমেদ সুমন জানায়, ৩ কন্যা সন্তানের পর আমাদের কোলজুড়ে এসেছিলো সাজিদ। ১৬ বছর পর ছেলে সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের বন্যা বয়েছিলো। হঠাৎ করে সাজিদের জ্বর, সর্দি-কাশি দেখা দিলে আমরা চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখাই। সেখান থেকে চৌদ্দগ্রাম, ফেনী ও ঢাকাসহ ৭টি হাসপাতালে নিয়েও আমি আমার আদরের মানিককে হামের হাত থেকে বাঁচাতে পারলাম না।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল জানায়, সাজিদ হামের উপসর্গ নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আমরা তার পরিবারকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেই। শুনেছি আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।














