কুমিল্লারবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হামের সংক্রমণ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৭, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে বিশেষ টিকাদান কর্মসূচির ফলে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ৫ এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৫ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের টিকা দেওয়া হয়। এর পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে সংক্রমণের হার দ্রুত কমতে থাকে এবং অনেক উপজেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই অঙ্কের নিচে নেমে এসেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, যেসব এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়েছে, সেখানে হাম প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। একই সঙ্গে সারাদেশেও পরিস্থিতি অনেকটা স্থিতিশীল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. চিরঞ্জিত দাস বলেন, টিকা নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পর এর কার্যকারিতা দৃশ্যমান হয়। বিশ্লেষণে দেখা গেছে, টিকাদান শুরুর পর থেকেই আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে, যা এই কর্মসূচির সফলতার প্রমাণ।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, টিকাদানের পূর্ণ সুফল পেতে আরও কিছু সময় লাগবে, কারণ শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হতে কয়েক সপ্তাহ সময় প্রয়োজন।

এদিকে বিভিন্ন জেলার তথ্যেও সংক্রমণ কমার চিত্র মিলেছে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় পূর্বের তুলনায় রোগীর সংখ্যা অনেক কমেছে এবং হাসপাতালে ভর্তি কমে এসেছে।

স্বাস্থ্য অধিদফতর আশা করছে, টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলে খুব শিগগিরই হামের প্রকোপ আরও নিয়ন্ত্রণে চলে আসবে।