জাপানে কঠোর অভিবাসন নীতির প্রভাব পড়েছে ক্ষুদ্র বিদেশি উদ্যোক্তাদের ওপর। ভিসা নবায়ন প্রত্যাখ্যাত হওয়ায় ১৮ বছর ধরে চালানো একটি ভারতীয় রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হয়েছেন মালিক মনীশ কুমার।
জানা যায়, সাইতামা প্রিফেকচারে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। তবে সম্প্রতি জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি তার বিজনেস ম্যানেজার ভিসা নবায়নের আবেদন নাকচ করে দেয়। ফলে বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
টোকিওতে এক প্রতিবাদ সমাবেশে মনীশ কুমার বলেন, এই সিদ্ধান্তে তিনি ভেঙে পড়েছেন এবং তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। তিনি জানান, তার সন্তানরা জাপানেই জন্ম ও বেড়ে উঠেছে এবং তারা জাপানি সংস্কৃতির সঙ্গেই বেশি পরিচিত।
সম্প্রতি জাপান সরকার বিজনেস ম্যানেজার ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি উদ্যোক্তাদের জন্য শর্ত আরও কঠোর করা হয়েছে।
সরকারি তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ভিসার আবেদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাসিক আবেদন প্রায় ১,৭০০ থেকে কমে ৭০-এ নেমে এসেছে।
নতুন বিধিমালায় ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে এবং আবেদনকারীদের স্থানীয় কর্মী নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক অভিজ্ঞতা, বৈধ অফিস এবং কর সংক্রান্ত নথিপত্রের ওপরও কঠোর নজরদারি আরোপ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, ভিসার অপব্যবহার ঠেকাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে, এতে বৈধ ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।












