দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে সাত জেলার ওপর দিয়ে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টার সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।












