কুমিল্লাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে স্বামী হত্যা: দেহাংশ গোপনের চেষ্টায় স্ত্রী আটক

প্রতিবেদক
Cumilla Press
মে ১৬, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে গোপনের চেষ্টা করেছেন এক গৃহবধূ—এমন অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদার ও তার স্ত্রী আসমা আক্তার ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে সেই বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে আসমা তার স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর বিষয়টি গোপন করতে মরদেহ খণ্ডিত করে বাসায় রেখে দেন অভিযুক্ত নারী। পরে দেহাংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে শুক্রবার সন্ধ্যায় দেহের কিছু অংশ সংরক্ষণের সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জরুরি সেবায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসমা হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।