কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, উন্নয়ন প্রত্যাশায় প্রস্তুত জেলা

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) তার এ সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ইতোমধ্যে সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতারা। সফর উপলক্ষে জেলার রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।

নদীবেষ্টিত চাঁদপুর ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হলেও দীর্ঘদিন ধরে নদীভাঙনসহ নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। শিক্ষা ও শিল্পখাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। সম্প্রতি প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস না থাকায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি জেলায় ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।

এ প্রেক্ষাপটে তারেক রহমানের সফরকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নদীভাঙন রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর পদক্ষেপ আসবে।

জানা গেছে, সফরের দিন সকালে চাঁদপুরে পৌঁছে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ‘খোদ্দ খাল’ এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

শিক্ষার্থী ও ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন। জেলা প্রশাসনও সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে।