কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত পুলিশ ইউনিটে জনবল বাড়ানোর তাগিদ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশের শিল্পাঞ্চল, মহাসড়ক, নৌপথ, পর্যটন খাত ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোতে জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তা জোরালোভাবে সামনে এসেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শিল্প পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সীমিত জনবল নিয়ে বাড়তি দায়িত্ব পালন করছে। ফলে ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে তারা চাপের মুখে রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কার্যকর পুলিশিং নিশ্চিত করতে জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জরুরি। বিশেষ করে শিল্প খাতের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে শিল্প পুলিশের সক্ষমতা বাড়ানো সময়ের দাবি।

নৌপথে চোরাচালান ও অপরাধ দমনে নৌ পুলিশের শক্তিশালীকরণ এবং পর্যটন খাতের বিস্তারের কারণে ট্যুরিস্ট পুলিশে দক্ষ জনবল বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।

এদিকে, জটিল ও প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে নিয়োজিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের কার্যক্রম সম্প্রসারণে অতিরিক্ত পাঁচ হাজার জনবল এবং স্থায়ী অবকাঠামোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা গেলে বিশেষায়িত ইউনিটগুলো আরও কার্যকর হবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে।