কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

প্রতিবেদক
Cumilla Press
মে ১৫, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমকে শুভেচ্ছা জানিয়েছে শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের দপ্তরে সংগঠন দুটির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “লালমাটির এই প্রাণের ক্যাম্পাসে নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক স্বাগতম জানাই। আমরা প্রত্যাশা করি, তাঁর নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধার উন্নয়ন, আবাসিক হলগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নিজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের একটি মাইলফলক। বিভাগীয় বিভিন্ন সংকট ও সমস্যা সমাধানে তিনি অতীতে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাতে আমরা আশাবাদী যে তাঁর অভিজ্ঞতা, দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবেন। শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এম এম শরিফুল করিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত (যেটি আগে হবে) তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।