মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতার সোহাগ ফকির (৩৬) সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের বাসিন্দা।
পূর্ব রাস্তি এলাকায় যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি স-মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা গিলে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে আরও একটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।












