কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ সালের পরীক্ষা সূচি পুনর্বিন্যাসে উদ্যোগ, জানুয়ারিতে এসএসসি ও মাঝামাঝি সময়ে এইচএসসি পরিকল্পনা

প্রতিবেদক
Cumilla Press
মে ১৪, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট কমিয়ে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নতুন সময়সূচি নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।

গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনাসহ বিভিন্ন কারণে তৈরি হওয়া সেশনজট কাটিয়ে উঠতে ধাপে ধাপে পরীক্ষার সময় এগিয়ে আনা হচ্ছে। শিক্ষার্থীদের ওপর চাপ কমিয়ে নিয়মিত একাডেমিক কার্যক্রম নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

মন্ত্রী জানান, ভবিষ্যতে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে সম্ভাব্য সময়সূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বড় একটি অংশ ডিসেম্বরে এসএসসি আয়োজনের প্রস্তাবে আপত্তি জানান। তাদের মতে, হঠাৎ সময় কমিয়ে দিলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে চাপ তৈরি হতে পারে।

সভায় অংশগ্রহণকারীরা ধাপে ধাপে সময় এগিয়ে এনে পরীক্ষার সময় নির্ধারণের পরামর্শ দেন, যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়।

শিক্ষামন্ত্রী বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।