কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা। বুধবার (১২ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি। সালমান আকরাম বলেন, ‘কারাগারে নির্যাতনের কারণে দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আজ ন্যায়বিচারের সব দরজা বন্ধ বলে মনে হচ্ছে। পিটিআই প্রতিষ্ঠাতাকে এক হাজার দিন ধরে কারারুদ্ধ রাখা হয়েছে এবং তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’ এর আগে গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ চলমান ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে ইমরান খানকে চতুর্থবারের মতো ইন্ট্রাভিট্রিয়াল আই ইনজেকশন দেয়া হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালমান আকরাম আরও অভিযোগ করে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা হচ্ছে এবং এমনকি সাক্ষাতের অধিকার সংক্রান্ত আদালতের আদেশও বাস্তবায়ন করা হচ্ছে না। শুধুমাত্র নির্বাচিত কিছু ব্যক্তিকেই তার সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হচ্ছে।

পিটিআই প্রতিষ্ঠাতার গুরুতর স্বাস্থ্য অবস্থা থাকা সত্ত্বেও তার বোনদেরও সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বুশরা বিবির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে উল্লেখ করে পিটিআইয়ের এই নেতা বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, কিন্তু কোনো শুনানি হচ্ছে না। পিটিআই সমস্ত আইনি পথ অবলম্বন করেছে এবং এখন পাকিস্তানের জনগণের সামনে দলটি তার বক্তব্য তুলে ধরবে।’

এ সময় বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সালমন আকরাম বলেন, ‘দেশে স্থিতিশীলতা প্রয়োজন। ব্রিটিশ আমলেও এমন কোনো বিধিনিষেধ ছিল না। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং খাইবার পাখতুনখোয়া রক্তে ভেজা।’ একইসঙ্গে বিচার বিভাগ নিয়েও কথা বলেন সালমান আকরাম। বলেন, ‘বিচার বিভাগকে দুর্বল করে দেয়া হয়েছে এবং শাস্তি হিসেবে অন্য প্রদেশে বদলি করা হচ্ছে বিচারপতিদের।’