কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার তিতাসে রক্সি সীডসের হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে রক্সি সীডসের হাইব্রিড ভুট্টা বীজ ‘পিএসি-৭৫১’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভান্টা (আমেরিকা) বাংলাদেশের কান্ট্রি প্রধান কৃষিবিদ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লেসিং এগ্রোভেটের হেড অব বিজনেস কৃষিবিদ ড. গোলাম মাবুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্লেসিং এগ্রোভেটের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ, এরিয়া ম্যানেজার রাজু আহমেদ ও মইনুল হোসেন, এরিয়া এক্সিকিউটিভ কামরুল হাসান, সিনিয়র মার্কেটিং অফিসার কামাল ও সিরাজুল ইসলামসহ প্রায় ৫০ জন মডেল কৃষক।

অনুষ্ঠানে বক্তারা জানান, রক্সি সীডসের ‘পিএসি-৭৫১’ জাতের ভুট্টা উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধী হওয়ায় কৃষকদের মাঝে এর চাহিদা বাড়ছে।

ব্লেসিং এগ্রোভেটের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “এই ভুট্টার চাষে প্রতি বিঘায় ৫০ থেকে ৫৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। খরচ বাদ দিয়ে কৃষকরা প্রতি বিঘায় প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারেন।”

প্রধান অতিথি কৃষিবিদ ফারুক হোসেন বলেন, “পিএসি-৭৫১ জাতের ভুট্টায় রোগবালাই তুলনামূলক কম হয় এবং অধিক ফলন পাওয়া যায়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আরও লাভবান করা সম্ভব।”

বিশেষ অতিথি ড. গোলাম মাবুদ বলেন, “আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদের অধিক মুনাফা নিশ্চিত করতে ব্লেসিং এগ্রোভেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

মাঠ দিবসে অংশ নেওয়া কৃষক বসির হোসেন জানান, “আমি ৩০ শতক জমিতে ভুট্টা চাষ করে ৪৫ মণ ফলন পেয়েছি। অনেক বছর ধরে ভুট্টা চাষ করছি, কিন্তু এবারই সবচেয়ে বেশি ফলন পেয়েছি।”

অপর কৃষক শাহআলম বলেন, “আমি চার কানি জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন দেখে আমি অনেক খুশি। ভুট্টার এতো ফলন এর আগে কখনই পাইনি।”