নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার একটি খামারে এবার পশু কেনার চেয়ে দর্শনার্থীদের ভিড়ই যেন বেশি। কারণ, সেখানে রয়েছে ব্যতিক্রমী এক গোলাপি রঙের অ্যালবিনো মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন।
খামার সূত্রে জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মহিষটির গায়ের রং, মাথার ওপর সোনালি চুল এবং আলাদা ধরনের মুখাবয়বের কারণেই এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। পরে তার ছোট ভাই মজা করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই সবাই এই নামেই ডাকতে শুরু করে।
তিনি বলেন, “এলবিনো জাতের মহিষ সাধারণত শান্ত স্বভাবের হয়। উত্ত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না। এই মহিষটিও খুব শান্ত। মানুষের ভিড় হলেও কোনো সমস্যা করে না।”
জিয়া উদ্দিন আরও জানান, লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এটি নতুন মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে।












