স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কঠোর নির্দেশনার এক দিনের মধ্যেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে আটজন দালালকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-৮-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সরকারি হাসপাতাল থেকে রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন, মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং দুইজনকে চার দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের মূল ফটক ও অভ্যন্তরে অবস্থান নিয়ে দালালচক্রটি রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত।
অভিযানে আটক কয়েকজন স্বীকার করেছেন, রোগী নিয়ে গেলে তারা কমিশন পেতেন। প্রতিটি রোগীর বিপরীতে কেউ কেউ ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত পেতেন বলে জানিয়েছেন।












