কুমিল্লারবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে আঙুর চাষ

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সমতলের চা চাষের পর উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে এবার নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাণিজ্যিকভাবে আঙুর চাষ। সাধারণত শীতপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত এ জেলায় ধান, ভুট্টা, গম, আলু ও চায়ের পাশাপাশি এখন পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকাসহ জেলার কয়েকটি স্থানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন আঙুর বাগান। এসব বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

স্থানীয় কৃষকদের উদ্যোগ ও কৃষি বিভাগের পরামর্শে বিদেশি জাতের আঙুর চাষে ইতোমধ্যে আশার আলো দেখতে শুরু করেছেন উদ্যোক্তারা। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা থোকা থোকা আঙুর দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। অনেকে আবার বাড়ির আঙিনাতেও আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন।

তালমা এলাকার আঙুর চাষি মো. মিরাজ ইসলাম বলেন, শখের বসে শুরুতে অল্প কিছু আঙুর গাছ রোপণ করেছিলাম। পরে দেখতে পাই, এ এলাকার মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের জন্য বেশ উপযোগী। সেই অভিজ্ঞতা থেকেই এখন বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করেছি। আমাদের গাছগুলোর বয়স মাত্র ১১ মাস হলেও ইতোমধ্যে ভালো ফলন এসেছে। বাজারে আঙুরের চাহিদা বেশি থাকায় লাভের সম্ভাবনাও অনেক ভালো বলে আশা করছি।

তিনি আরও বলেন, আমাদের বাগান এখনো নতুন। এখানে তিনটি জাতের প্রায় ৪০০টি আঙুর গাছ রয়েছে। আমরা আশাবাদী, আগামী বছর আরও বেশি ও ভালো ফলন পাবো। আমাদের উৎপাদিত আঙুরগুলো বেশ মিষ্টি ও সুস্বাদু। বাগানে যারা ঘুরতে আসছেন, তাদেরও আঙুর খাইয়ে দেখাচ্ছি। সবাই এর স্বাদ ও মানের প্রশংসা করছেন। এতে করে আমরা আরও উৎসাহ পাচ্ছি। আমরা এখান থেকে চারা উৎপাদন করে বিক্রি করছি।

আরেক কৃষক আব্দুর রফিক বলেন, আগে ভাবতাম আঙুর শুধু বিদেশেই হয়। এখন নিজের জমিতে আঙুর ফলাতে পেরে খুব ভালো লাগছে। স্থানীয় কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পাচ্ছি। যদি সরকারি সহযোগিতা বাড়ে তাহলে আরও বড় পরিসরে চাষ করা সম্ভব হবে।

আঙুর বাগান দেখতে আসা দর্শনার্থী আব্দুর রহমান বলেন, পঞ্চগড়ে এভাবে আঙুর চাষ হবে কখনো কল্পনাও করিনি। বাগানে এসে খুব ভালো লাগছে। অনেকেই ছবি তুলছেন, পরিবার নিয়ে ঘুরতে আসছেন। এটা পর্যটনের মতো আকর্ষণও তৈরি করেছে। স্থানীয়ভাবে আঙুর উৎপাদন হলে মানুষ বিষমুক্ত ফল খেতে পারবে।

পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, পঞ্চগড়ের আবহাওয়া ও মাটির গুণাগুণ বিদেশি বিভিন্ন ফল চাষের জন্য বেশ উপযোগী। আঙুর চাষ নিয়েও আমরা কৃষকদের নিয়মিত উৎসাহিত করছি। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করলে এ জেলায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকজন কৃষক সফলতার মুখ দেখেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।