কুমিল্লার তিতাসে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫)। তিনি উপজেলার মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার পক্ষের সঙ্গে একই এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলামের লোকজনের এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই ২০২২ সালে ভিটিকান্দি ইউনিয়নের যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা খুন হন। ওই মামলায় আব্দুল লতিফ ভূঁইয়া আসামি ছিলেন।
সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন। এরপর সোমবার রাতে মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।












