আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। ঘোষিত তালিকায় সমানভাবে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌর মেয়র প্রার্থী রয়েছেন।
রোববার রাজধানীর বাংলামোটর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ সময় দলের নেতারা জানান, জাতীয় নির্বাচনে পর্যাপ্ত সাংগঠনিক প্রস্তুতির অভাব থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জোটগতভাবে প্রার্থী নির্ধারণ সময়সাপেক্ষ হওয়ায় স্থানীয় নির্বাচনে দল নিজস্ব কৌশলেই এগোচ্ছে। তিনি আরও জানান, গ্রহণযোগ্যতা ও বিতর্কমুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং অন্য দল থেকেও যোগ্য ব্যক্তিরা প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হতে পারে। এ ছাড়া সম্ভাবনাময় নতুন মুখকে সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঘোষিত প্রার্থীরা এখন থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নির্দিষ্ট রূপরেখা না থাকায় দ্রুত সময়সূচি ঘোষণার দাবি জানান তিনি।
এ সময় তিনি সরকারের কূটনৈতিক কার্যক্রম নিয়েও সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।












