কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রতিবেদক
Cumilla Press
মে ১০, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে করা ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববারের এ আদেশে তার মুক্তির পথ সুগম হয়েছে।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হলে তিনি কারাগারে থাকেন। প্রথমদিকে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়।

এরপর আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে পুনরায় জামিন দেন। সর্বশেষ আপিল বিভাগের আদেশে সব মিলিয়ে ১০ মামলায় তার জামিন বহাল থাকায় মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আইভী। পরবর্তীতে সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।