কুমিল্লাসোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত জোট ১৩

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৬, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ তপশিল প্রকাশ করা হবে ৮ এপ্রিল। তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য নির্বাচনি ধাপের সময়সূচিও জানানো হবে।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন ইনডিপেনডেন্ট ক্যান্ডিডেট, যারা একজোট করেছেন। বিএনপির সঙ্গে জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং আন্দালিব রহমান পার্থের দল আছে। আর জামায়াতের সঙ্গে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন। আর রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপির জোট ৩৬ আসন পাবে, জামায়াত জোট ১৩, আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।

আখতার আহমেদ বলেন, আজকে মোট পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে বৈঠকে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তপশিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। এই নির্বাচনের বিস্তারিত শিডিউল পরবর্তীতে জানানো হবে।

এদিন ইসির বৈঠকে সংরক্ষিত নারী আসনের পাশাপাশি নির্বাচনি মামলা, স্থানীয় সরকার নির্বাচন ও ইভিএমের ব্যবহার বিষয়েও আলোচনা হয়েছে। সচিব জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর এখন পর্যন্ত মোট ৫০টি নির্বাচনি মামলা হয়েছে এবং কমিশন নির্দেশ দিয়েছে মামলার আলামাল সংরক্ষণ করা হবে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশক্রমে স্থগিত রাখা হয়েছে।

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচনের প্রস্তুতি বিষয়ে সচিব বলেন, ভোটের পরিবেশ বর্তমানে স্বাভাবিক, ভোটারদের আতঙ্কের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলাবাহিনী নির্বাচনকে স্বাভাবিকভাবে পরিচালনায় তৎপর।

স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ইভিএমসংক্রান্ত আর্থিক ও কারচুপির অভিযোগ দুর্নীতি দমন কমিশন, অডিট বিভাগ ও তদন্ত কমিটি খতিয়ে দেখছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সচিব জানান, প্রার্থীদের ব্যয় হিসাব জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে কাজ করা ৮০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করে ভবিষ্যতে প্রয়োজনে আইন সংশোধনের সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।