কুমিল্লাবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা সমর্থককে হত্যা করে বালিচাপা দেয়ার অভিযোগ ৪ ব্রাজিল ভক্তের বিরুদ্ধে 

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে নিহতের পরিবার।

বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে নিহতের স্বজনরা পুলিশের কাছে হাজির করেন। গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের বাসিন্দা মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন। নিহতের বাবা মোস্তাক পেশায় একজন কসাই।

নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, ‘আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিহতের চাচা ওমর ফারুক দাবি করেন, আটক হামজা প্রাথমিকভাবে জানিয়েছে, সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়নি; রাকিব, মেহেদী ও সিয়াম নাহিদকে ছুরিকাঘাত করেছে। তিনি আরও বলেন, রাতভর পুলিশ মরদেহ উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে হামজা একেক সময় একেক জায়গা দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার এবং তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।’