কুমিল্লাশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগের পরদিনই জামিনে মুক্ত গায়ক জাহিদ অন্তু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারের একদিনের মাথায় জামিন পেয়েছেন গায়ক আবু জাহিদ, যিনি জাহিদ অন্তু নামে পরিচিত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অপরদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইডেন কলেজের এক শিক্ষার্থী গত ৩১ মার্চ রাতে জাহিদ অন্তুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। পরদিন ১ এপ্রিল সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাসের সূত্রে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্পর্কের অবনতি ঘটলে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে একটি ফটোশুটের কথা বলে গত ২৭ মার্চ সন্ধ্যায় জাহিদের বাসায় যাওয়ার পর সেখানে তাকে শারীরিকভাবে নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। বাধা দিলে তাকে মারধর করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ এপ্রিল নির্ধারণ করেছে আদালত।